আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনকারী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলো মাখা আয়না’ (The Obscure Mirror)-এর নির্মাতা দলকে সংবর্ধনা দিয়েছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগ। বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত স্টামফোর্ড ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতি সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।
তেজগাঁও কলেজের নাট্যকলা ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাশরাফি সজিব নির্মিত ‘ধুলো মাখা আয়না’ সম্প্রতি ভারতের তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মোট ২৮টি পুরস্কার অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনে। তরুণ নির্মাতাদের এই সাফল্যকে সম্মান জানাতেই আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সম্মানিত উপাচার্য ড. শরীফ নাফে আস-সাবের। রেজিস্ট্রার মোঃ আব্দুল মতিন ছিলেন বিশেষ অতিথি এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. মতিউর রহমান।
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ নির্মাতাদের এই সাফল্য দেশের চলচ্চিত্র শিক্ষার জন্য অত্যন্ত গর্বের ব্যাপার– বিষয়টি সকলের বক্তব্যেই উঠে আসে। উপাচার্য শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করে বলেন, ‘এমন অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে।’ রেজিস্ট্রার প্রশংসা করেন শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিষ্ঠার। অনুষ্ঠানের সভাপতি ড. এস. এম. মতিউর রহমান বলেন, ‘আন্তঃপ্রতিষ্ঠানিক সহযোগিতা ও পারস্পরিক সম্মান সৃজনশীল শিক্ষার পরিবেশকে আরও উজ্জ্বল করবে এবং এমন আয়োজনের সূচনা দুই প্রতিষ্ঠানের সম্পর্ককে করবে দৃঢ়।
অনুষ্ঠানে তেজগাঁও কলেজের নাট্যকলা ও মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান নওরিন সাজ্জাদ উপস্থিত ছিলেন। তিনি এ আয়োজনের জন্য স্টামফোর্ড, ফিল্ম ও মিডিয়া বিভাগকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ; এছাড়া তেজগাঁও কলেজ ও স্টামফোর্ড ইউনিভার্সিটির তেজগাঁও প্রায় ৬০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে অডিটোরিয়াম ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ৩ মিনিট ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের পুরস্কারপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ধুলো মাখা আয়না’-এর প্রদর্শনী। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করেন এবং করতালির মাধ্যমে নির্মাতা দলকে অভিনন্দন জানান। চলচ্চিত্রটির পরিচালক তেজগাঁও কলেজের শিক্ষার্থী মাশরাফি সজিব সংবর্ধনা ও দর্শকদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন।
চলচ্চিত্র প্রদর্শন শেষে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ক্রিস্টালের তৈরি বিশেষ সম্মাননা-ক্রেস্ট তুলে দেন নির্মাতা দলের হাতে। পরে নির্মাতা দলের সদস্যরা তাঁদের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থিত সবার সঙ্গে ভাগ করে নেন।
সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা। পরিশেষে স্টামফোর্ড ফিল্ম বিভাগের দুই শিক্ষার্থীর নির্মিত প্রোডাকশন প্রদর্শন করা হয়। ছবি দুটি ছিল যথাক্রমে আবদুল্লাহ আল জুনায়েদের শর্ট ফিল্ম ‘জীবন রেখা’ এবং ইফতেশাম চৌধুরীর তথ্যচিত্র ‘The Story of Shoes’। উল্লেখ্য, ‘জীবন রেখা’ ছবিটি ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬-এ প্রদর্শিত হয়েছিল। অনুষ্ঠান শেষে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও নির্মাতা দলের অংশগ্রহণে সম্পন্ন হয় এক প্রাণবন্ত ফটোসেশন। সবশেষে চা-চক্রের মধ্য দিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
পড়ুন : আবারও বাড়ল আন্তর্জাতিক জ্বালানি তেলের দাম
সা/


