সরকারি নিয়ম অমান্য করে পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর কার্যক্রম পরিচালনা করেছে আঞ্চলিক শাখা ব্যবস্থাপক। রাষ্ট্রীয়ভাবে ঘোষিত ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি পালিত হলেও পিরোজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জোনাল অফিস খোলা রেখে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ আগস্ট) সকাল থেকে পিরোজপুর শহরের পোস্ট অফিস রোডে সোনালী ব্যাংকের সামনে অবস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল অফিসে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
অফিসে উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী বলেন, “আমাদের অফিসে আসতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশেই আমরা অফিসে এসেছি। তাই অফিস করছি।”
এ বিষয়ে জানতে চাইলে জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মো. হাসানুজ্জামানের সঙ্গে কথা বলেন গণমাধ্যমকর্মীরা। অভিযোগ অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ সম্পর্কে জানতে চাইলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। দিবসটি সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণাও ছিল না বলে অভিযোগ করা হয়। গণমাধ্যমকর্মীদের একাধিক প্রশ্নেরও তিনি নির্দিষ্ট কোনো জবাব দিতে পারেননি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাদের ভাষ্য, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত একটি দিবস ও সরকারি ছুটির দিনে কীভাবে একটি প্রতিষ্ঠানের জোনাল অফিসে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বা নির্দেশনা ছিল কি না, সেটিও তদন্তের দাবি জানিয়েছেন তারা।
তবে এ বিষয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদের সাথে কথা হলে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটি একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম । এটি সকলেরই পালন করা উচিত। যদি কোন প্রতিষ্ঠান সরকারি নিয়ম না মেনে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের মাধ্যমে ব্যবস্থা নেয়া যেতে পারে।
পড়ুন : কলমাকান্দায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক গাছের চারা রোপণ


