বিজ্ঞাপন

সিরাজগঞ্জে কৃষিজমি নষ্ট করে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রহিমপুর গ্রামে কৃষিজমি কেটে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এক কৃষক।

বিজ্ঞাপন

অভিযোগকারী আব্দুর রাজ্জাক শেখ, চর পদমপাল গ্রামের বাসিন্দা। গত ২৭ জুলাই ২০২৬ তারিখে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার কৃষিজমির ওপর দিয়ে প্রায় ১০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের জন্য বেকু/এক্সকাভেটর দিয়ে মাটি কাটা হচ্ছে। এতে তার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ধান চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

অভিযোগে আব্দুর রাজ্জাক শেখ দাবি করেন, তার জমিতে রাস্তা নির্মাণের বিষয়ে তিনি আপত্তি জানালে স্থানীয় মোঃ ছামিদুল ইসলাম ও আবুল কালাম মন্ডল তাকে ভয়ভীতি দেখান। তবে অনুমোদনপত্র বা প্রকল্পের রেজুলেশন দেখতে চাইলে তা ইউএনওর কাছে রয়েছে বলে জানানো হয়।

অভিযোগকারী আরও জানান, বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান তাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন।

অভিযোগে আরও বলা হয়, নাসিমের বাড়ি থেকে আবুল কালাম মন্ডলের বাড়ি পর্যন্ত প্রায় ১০ ফুট প্রশস্ত ও ৩০০ ফুটের বেশি দীর্ঘ রাস্তা নির্মাণের কাজ চলছে। রাস্তার একটি অংশ রহিমপুর কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো টিআর-কাবিখা কর্মসূচির আওতায় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ছোট ছোট প্রকল্প নেওয়া হয়েছে। বহুলী ইউনিয়নেও বিশার বাড়ি হতে ঈদগাহ মাঠ পর্যন্ত একটি প্রকল্প রয়েছে। তবে রাস্তা সরকারি হালট সংলগ্ন জায়গা দিয়ে করার কথা বলা হয়েছিল। নিয়ম-কানুন মেনেই প্রকল্প বাস্তবায়ন (পিআইসি) মাধ্যমে কাজটি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাক নামে একজনের অভিযোগ পেয়েছি। অভিযোগটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কাছে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী নিষ্পত্তি করা হবে।

স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্প হলেও কৃষিজমির ক্ষতি না করে সঠিক সীমানা ও নিয়ম মেনে রাস্তা নির্মাণ করা হোক। একই সঙ্গে প্রকল্পের অনুমোদিত স্থান ও নকশা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

পড়ুন:সোনারগাঁয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন