দিনাজপুরের কাহারোল উপজেলায় অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা।
গ্রেপ্তাররা হলেন কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের গড়নুর গ্রামের মনমতা চন্দ্র রায়ের ছেলে রঞ্জন চন্দ্র রায় (২৮) এবং চিরিরবন্দর উপজেলার আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৫২)।
বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান এবং কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের ১১ মাইল এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের তোফাজ্জলের দোকানের সামনে অভিযান চালানো হয়।
এ সময় একটি মাহেন্দ্র বলেরো ম্যাক্সি প্লাস পিকআপ ভ্যান থেকে ৮৮ কেজি গাঁজার চালান জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান ও কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুর রহমান সেলিম এক যৌথ বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৭ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় কাহারোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০৪, তারিখ: ০৫ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : কলমাকান্দায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ শতাধিক গাছের চারা রোপণ


