বিজ্ঞাপন

‘আওয়ামী কাল্টের’ বিরুদ্ধে বেকার তরুণদের অসম লড়াই চলছে: জেডিপি

যে বেকার তরুণ-তরুণীদের ক্ষোভের ওপর ভর করে জুলাই গণঅভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল, সেই তরুণ-তরুণীদের কর্মসংস্থানের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান নির্বাচিত সরকার—কেউই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আওয়ামী কাল্টের বিরুদ্ধে বেকার তরুণ-তরুণীরা এখনো অসম লড়াই চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)-এর আহ্বায়ক নাঈম আহমাদ।

আজ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই তো হইলো, কিন্তু চাকরি পাইলো কয়জন?’ শীর্ষক আত্মপর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাঈম আহমাদ বলেন, বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের তত্ত্বাবধানে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলে তরুণ-তরুণীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যেতে পারে। একই সঙ্গে দেশের শিল্প ও শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ‘কো-অপারেটিভ এডুকেশন (Co-operative Education)’ ব্যবস্থা চালুর দাবি জানান তিনি। এছাড়া দীর্ঘমেয়াদে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলারও দাবি জানান।

সভায় বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের ওয়াদা করে, চাকরি দেওয়ার ওয়াদা করে ক্ষমতায় গিয়েছেন। আর ক্ষমতায় গিয়ে জুলাইয়ের আহত, শহীদদের ভুলে গেছেন; বেকারদের কথা ভুলে গেছেন, দেশের প্রান্তিক মানুষের কথা ভুলে গেছেন। তারা এখন আর গণভোট মানেন না। তারা সংবিধান সংস্কার না করে সংশোধনীর নাম করে পাঁচ বছর কাটিয়ে দেওয়ার ধান্দা করছেন। বেকারদের চাকরির ব্যবস্থা না করে তারা ব্যাংক লুটেরাদের পক্ষ নিয়েছেন। জ্বালানি, বিদ্যুৎ, তেল, এমনকি জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। এভাবে সরকার জনগণের বিপক্ষে, অভ্যুত্থানের বিপক্ষে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

সরকারকে সতর্ক করে দিয়ে হাসনাত কাইয়ূম বলেন, “সরকারকে সতর্ক করে দিতে চাই, অবিলম্বে তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। নয়তো জনগণকে সঙ্গে নিয়ে সংসদ ভবন ঘেরাও করা হবে।”

জেডিপির যুগ্ম সদস্যসচিব মাহতাব হোসেন সাব্বিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেডিপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল আলিম, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জেডিপির প্রধান সংগঠক আহছান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ফুয়াদ জামান, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নুরা জেরিন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূইয়া, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক স্বনাম ফুয়াদ, জাতীয় ছাত্রমঞ্চের প্রধান সংগঠক সালমান সাজিদ প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামে ১১ দলের গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন