গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালামপুর এলাকায় এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া, নাটোরের বাসিন্দা। তিনি কালিয়াকৈর উপজেলার সাহেববাজার এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুমন মিয়া চন্দ্রা থেকে কালামপুর শিল্পকুঞ্জ পার্ক এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালককে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন:বরগুনায় দুই ভাইয়ের দ্বন্দ্বে হামলার ঘটনায় প্রাণ গেল জামাইর, আহত ৫
ইমি/


