নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল অবৈধ ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের মধ্যে একজন নারী এবং একজন কিশোর রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত ভারতীয় মদ জব্দ করে পুলিশ পাহারায় থানায় নিয়ে আসা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের চালান পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদীর নেতৃত্বে পুলিশের একটি দল কৃষ্ণেরচর বাজারে অবস্থান নেয়। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম ও কনস্টেবল সজিবসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় মাদকবিরোধী বিশেষ তল্লাশি শুরু করে।
তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন গতিবিধির কারণে দুজনকে আটক করে তাদের সাথে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে অবৈধ মাদক বহনের দায়ে ঘটনাস্থল থেকেই পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণেরচর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ ওই দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়েরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তবর্তী এই এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে ওসি আরও বলেন, “মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে দুর্গাপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং আগামী দিনে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলাটি ভারতের মেঘালয় সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই এই রুট দিয়ে মাদক চোরাচালানের চেষ্টা করে থাকে সংঘবদ্ধ চক্র। তবে পুলিশের ধারাবাহিক তৎপরতায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় মাদকের চালান ধরা পড়েছে।
পড়ুন:আমিও বিশ্বাস করতে চাই তিনি ডিসেম্বরেই আসবেন: আইনমন্ত্রী
ইমি/


