গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) আয়োজিত বিসিএল (BCL) ফাইনাল-২০২৬ দেখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইনের ব্যবহৃত একটি আইফোন হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার পূর্ব চন্দ্রা স্পোর্টিং ক্লাব মাঠে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিসিএল ফাইনাল উপলক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। খেলা উপলক্ষে মাঠে দর্শক ও অতিথিদের ব্যাপক সমাগম হয়। এ সময় মাঠে প্রবেশের সময় ভিড়ের মধ্যে ইউএনওর ব্যবহৃত আইফোনটি হারিয়ে যায়। পরে তিনি বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের অবহিত করেন।
ঘটনার পর পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন ও কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি সম্পর্কে অবগত হন।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ইউএনও স্যারের ফোন হারানোর বিষয়টি আমরা জেনেছি। মাঠে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল। ঘটনাটি তদন্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশের ভাষ্য অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার আগে ফোনটি চুরি হয়েছে কি না, নাকি অন্য কোনোভাবে হারিয়েছে—সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
ঘটনার পর বড় জনসমাগমে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উপস্থিত অনেকের মধ্যে আলোচনা দেখা যায়। তবে আয়োজকরা বলেন, পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।
পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, স্থবির অর্থনীতির লাইফলাইন


