প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনা কি বেঁচে আছেন, নাকি মারা গেছেন। সম্প্রতি ভারতে দেওয়া এক প্রেস কনফারেন্সে শেখ হাসিনার অডিও ভাষণ প্রচার নিয়ে এমন প্রশ্ন তোলেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার যে বক্তব্যটি শোনানো হয়েছে, এটা কি তার বক্তব্য নাকি এআই দিয়ে তৈরি। তিনি বেঁচে থাকলে দেশে ফিরে আসুক। আমরা তাকে বরন করে নিব ফাঁসির কাষ্ঠে নেওয়ার জন্য।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিল অথিতি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের জাতীয় অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সামনে জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করেছেন। তারা সচিবালয় ঘেরাওয়ের নামে মব সৃষ্টি করেছেন। আওয়ামী লীগের ফেরার আর সুযোগ নেই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপি মরলে জামায়াতকেও মরতে হবে। আওয়ামী লীগ ফিরলে দমনপীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।
স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন বলেন, আমরা একসঙ্গে কালীগঞ্জে উন্নয়ন করতে চাই। বিএনপির নামে কেউ যেন চাঁদাবাজি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, মোবারকগঞ্জ চিনিকলের এমডি প্রকৌশলী এএনএম জোবায়ের ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ অন্যান্য নেতারা।
পড়ুন : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, স্থবির অর্থনীতির লাইফলাইন


