ঢাকা-০২ আসনের অন্তর্ভুক্ত ১০টি ইউনিয়ন নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের লক্ষ্যে সাভার উপজেলার তিনটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এসব ইউনিয়নের বাসিন্দারা।
আজ শুক্রবার দুপুর ২টার দিকে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মূলত জুমার নামাজের পর তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের বাসিন্দারা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে জড়ো হন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এ তিনটি ইউনিয়নের প্রতিনিধিরা বক্তব্য দেন।
সমাবেশে ঢাকা-০২ আসনের অন্তর্ভুক্ত ১০টি ইউনিয়ন নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের লক্ষ্যে সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সব কার্যক্রম সাভারকেন্দ্রিক এবং দূরত্ব বিবেচনাসহ নানা কারণে কেরানীগঞ্জের তুলনায় সাভার অধিকতর সুবিধাজনক হওয়ায় তিনটি ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে বলে তারা জোর দাবি জানান।
এ ছাড়া দ্রুত এ প্রস্তাবের সিদ্ধান্ত বাতিল করা না হলে গণস্বাক্ষর কর্মসূচি, স্মারকলিপি প্রদান, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তাঁরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে এ তিনটি ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে।
সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, কিছু গরিব অসহায় মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কৌশলে একটি বিশেষ ফরমে স্বাক্ষর নেওয়া হয়। এর মাধ্যমে তেঁতুলঝোড়া ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার একটি চক্রান্ত করা হচ্ছে।
তিনি বলেন, “এমপি সাহেবকে (ঢাকা-০২) বলব, আপনি বিচক্ষণ ও জনপ্রিয় রাজনীতিবিদ। আমরা আপনার সঙ্গে আছি। তবে আপনি এ ধরনের সিদ্ধান্ত নেবেন না। এমন সিদ্ধান্ত নিলে এসব ইউনিয়নের জনগণ আপনাকে ‘আসসালামু আলাইকুম’ বলে দেবে।”
সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়ন সংসদীয় আসন ঢাকা-০২-এর অন্তর্ভুক্ত। এসব ইউনিয়নসহ এ আসনের অন্তর্ভুক্ত ১০টি ইউনিয়ন নিয়ে ‘কেরানীগঞ্জ মডেল উপজেলা’ গঠনের প্রস্তাব-সংক্রান্ত একটি বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুসারে ঢাকা জেলা প্রশাসকের কাছে মতামত চাওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হয়েছে, বিষয়টি এমন নয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, “এলাকাবাসী বিক্ষোভ সমাবেশ চলাকালে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিলেন। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে সমাবেশ শেষ হলে যানজট কমতে থাকে এবং ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।”
পড়ুন : সিরাজগঞ্জে হাসপাতালের মালিক ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ


