বিজ্ঞাপন

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

‎সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে গোসলের সময় পানিতে তলিয়ে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, পানিতে তলিয়ে যাওয়ার সময় আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

‎শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকার করচগাছ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বি-ব্লকের ১ নম্বর রোডে বসবাস করতেন।

‎নিহতের মেয়ের জামাতা খাইরুল হাসানের বন্ধু ও একই নৌকার ভ্রমণসঙ্গী আনিসুর রহমান জানান, আলী আকবর খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বিকেলে ওয়াচ টাওয়ারের কাছে একটি করচগাছ ধরে গোসল করছিলেন। একপর্যায়ে তার হাত গাছ থেকে ফসকে গেলে তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে তাদের ধারণা। পরে দ্রুত উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটক নিয়ে একটি নৌকা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে রওনা হয়। ওই নৌকায় আলী আকবর খান তার স্ত্রী, মেয়ে এবং জামাতা খাইরুল হাসানের সঙ্গে ভ্রমণে এসেছিলেন। খাইরুল হাসানের গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার কেতুপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনি রাজধানী ঢাকায় বসবাস করেন।

‎বিকেলে পর্যটকরা ওয়াচ টাওয়ার এলাকায় নেমে গোসল করছিলেন। এ সময় আলী আকবর খান হঠাৎ পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য পর্যটকরা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাফিসাদ আহমদ জানান, বিকেল ৫টার দিকে এক পর্যটককে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। স্বজনদের ভাষ্য অনুযায়ী, তিনি হৃদরোগে ভুগছিলেন এবং গোসলের সময় পানিতে তলিয়ে যান। বিষয়টি থানাকে জানানো হয়েছে।

‎তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওয়াচ টাওয়ার এলাকার একটি গাছের কাছে গোসল করার সময় আলী আকবর খান হাত ছুটে পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার স্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।

‎টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক এখানে ভ্রমণে আসেন। তবে নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং পানিতে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিরাজগঞ্জে হাসপাতালের মালিক ও কর্মচারীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন