ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (র.) প্রকাশ শাহপীর কল্লা শহীদ মাজারের বার্ষিক ওরসকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বাৎসরিক ওরস। চলবে ১৬ আগস্ট পর্যন্ত। ১৪ আগস্ট অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এদিন লাখো ভক্তের সমাগম ঘটবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ওরসকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের আগমন শুরু হয়েছে। নৌপথের পাশাপাশি সড়ক ও রেলপথে মাজারে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। ভক্তদের পদচারণায় এরই মধ্যে মুখর হয়ে উঠেছে মাজার প্রাঙ্গণ।
ওরস উপলক্ষে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এসে দোকানপাট বসাতে শুরু করেছেন। ওরসকে ঘিরে আখাউড়ায় প্রতিবছরই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আয়োজকদের দাবি, এ ওরস হাজার বছরের ঐতিহ্য বহন করে আসছে।
এদিকে ওরস সফলভাবে সম্পন্ন করতে মাজার শরীফ পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। ওরস চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ওরস উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় মাজার শরীফ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ওরসের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া, মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম ও সদস্য কাজী শরীফ খাদেম।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের সুবিধা নিশ্চিত করা এবং ওরস নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
পড়ুন:সোমবার এসএসসি ও সমমানের ফল, মোবাইলে জানবেন যেভাবে
ইমি/


