বিজ্ঞাপন

বগুড়াকে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ‘হাব’ হিসেবে গড়ে তোলা হবে

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বগুড়াকে দেশের উত্তর জনপদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং আগামী দিনের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ‘হাব’ হিসেবে গড়ে তোলা হবে। সরকারের বহুমুখী পরিকল্পনার অংশ হিসেবে এখানে প্রায় ৪০০ একর জমিতে একটি নতুন বিসিক (ইঝঈওঈ) শিল্প পার্ক স্থাপন করা হবে, যার কাজ আগামী শীত মৌসুমেই শুরু করার পরিকল্পনা রয়েছে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে বগুড়ার একটি স্থানীয় হোটেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বগুড়ায় বর্তমানে বিদ্যমান বিসিক শিল্পনগরীটি এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। শিল্প উদ্যোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন এই ৪শ’ একরের বিশাল শিল্প পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিল্প পার্কে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, বরং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং উদ্যোক্তাদের জন্য তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ব্যবস্থাও রাখা হবে, যাতে শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলোর দাবির প্রেক্ষিতে তিনি জানান, ডাবল ডিজিট সুদে ঋণ নিয়ে শিল্পায়ন সম্ভব নয়। তাই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পণ্যের উৎপাদন খরচ কমাতে সরকার কাজ করছে। বিসিকের শিল্প প্রকল্পের উদ্যোক্তাদের জন্য ‘ক্রেডিট হোলসেলিং’ স্কিমের অধীনে ঋণের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, বগুড়া শুধু অর্থনৈতিক কেন্দ্র নয়, এটি দেশের কোটি মানুষের কাছে এক আবেগের স্থান। জাতীয় প্রয়োজনে বগুড়ার উন্নয়নে সরকারের সজাগ দৃষ্টি থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

এসময় তিনি শিল্প এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সহজলভ্য করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বগুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রেল ও সড়ক পথের আধুনিকায়নের কথা জানান। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম এম আতিকুর রহমান বাদল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, বগুড়া- ৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া- ৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া- ৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসেন-আরা বেগম, বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো। অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরপ্রতিনিধিগণ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বগুড়ার সদরউপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত শিল্প পার্ক এলাকা পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পড়ুন : এটিইও-র পর এবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধেই সহকর্মীর অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন