জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গবেষণা, বই প্রকাশ ও কিউ-১ জার্নালে প্রবন্ধ প্রকাশিত শিক্ষকদের রিচার্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৎরবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
প্রধান অতিথি (ইউজিসি)-এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব তাঁর বক্তব্যে বলেন, ‘গবেষণায় অ্যাওয়ার্ড প্রদান শিক্ষকদের গবেষণায় আরও বেশি অনুপ্রাণিত করবে। আর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হলে গবেষণার কোন বিকল্প নাই। একজন শিক্ষককে মহান শিক্ষক হতে হলে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক ও গবেষণায় আগ্রহী করে তুলতে হবে। এই বিশ্ববিদ্যায়ে গবেষণার জন্য গত বছর যে বরাদ্দ দেওয়া হয়েছিল এবছর তার চেয়ে আরও বেশি বরাদ্দ দেওয়া হবে। ইউজিসি’র পক্ষ থেকে যত রকম সহযোগিতা করা যায় তা আমি করবো।’ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বই বেশি প্রকাশিত হয়েছে উল্লেখ করে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে শিক্ষকদের প্রতি তিনি আহ্বান জানান।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর বক্তব্যে বলেন, ‘এওয়ার্ড শুধু একটা পুরস্কার নয়, এওয়ার্ড হলো কর্মের স্বীকৃতি। যারা এওয়ার্ড পেয়েছেন তারা আরও গবেষণা করতে অনুপ্রাণিত হবেন আর যারা এওয়ার্ড পান নি তারা নতুন করে গবেষণা করতে উৎসাহিত হবেন। শিক্ষকদের শুধু ভালো পড়াতে জানলেই হবে না, গবেষণাও করতে হবে।’ বই প্রকাশনায় ইউজিসি’র বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানান মাননীয় উপাচার্য। যাঁরা এওয়ার্ড পেয়েছেন তাঁদের অভিনন্দন জানিয়ে আরও গবেষণা ও বই প্রকাশের আহ্বান জানিয়ে সভাপতি তাঁর বক্তব্য শেষ করেন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাওয়ার্ড প্রদান কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সদস্য-সচিব প্রফেসর ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. শফিকুল ইসলাম, ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. তুষার কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এবং ব্যাংক এশিয়ার অর্থায়নে আয়োজিত এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে পিএইচডি অর্জনের জন্য ৭ জন, বই প্রকাশের জন্য ৮ জন এবং কিউ-১ জার্নালে প্রবন্ধ প্রকাশের জন্য ৬ জনসহ মোট ২১ জন শিক্ষককে এই এওয়ার্ড প্রদান করা হয়।
পড়ুন : রূপগঞ্জে চিহ্নিত মাদক ব্যবসায়ী সমরকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের সাজা


