বিজ্ঞাপন

১৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই, নূর হোসেনের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

জন্মের পর থেকেই মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছে শিশু মো. নূর হোসাইন। দেখতে দেখতে কেটে গেছে ১৫টি বছর। এই দীর্ঘ সময়ে সন্তানের চিকিৎসা চালাতে গিয়ে নিঃস্ব প্রায় পরিবারটি। প্রতি মাসে দুই দফায় দুই ব্যাগ করে রক্ত দিতে হয় তাকে। শুধু রক্তের পেছনেই প্রতি মাসে ব্যয় হয় প্রায় ১২ হাজার টাকা। এর সঙ্গে রয়েছে ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যয়।

সংসারের খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া যেন পরিবারের কাছে এক অসম্ভব লড়াই। এমন সংকটময় সময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন।

শনিবার রাতে ত্রিশাল উপজেলার মোক্ষপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত নূর হোসাইনের হাতে চিকিৎসা সহায়তার অনুদান তুলে দেন ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ।

জানা যায়, মোক্ষপুর গ্রামের হাফেজ মো. রফিকুল ইসলামের ছেলে মো. নূর হোসাইন। সে মোক্ষপুর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। জন্মের কিছুদিন পর থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত নূর হোসাইন দীর্ঘ ১৫ বছর ধরে চিকিৎসাধীন। শারীরিকভাবে অসুস্থ হলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে সে।

নূরের বাবা হাফেজ মো. রফিকুল ইসলাম মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক। সীমিত আয়ের এই মানুষটির পক্ষে সংসারের ব্যয় মেটানোর পর ছেলের দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতি মাসে দুইবার দুই ব্যাগ রক্ত দিতে হয় নূরকে। শুধু রক্তের জন্যই মাসে প্রায় ১২ হাজার টাকা প্রয়োজন। দীর্ঘদিন চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটির ওপর জমেছে ঋণের বোঝাও।

ছেলের চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে অসহায় বাবা এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করছেন। তার একমাত্র প্রত্যাশা অর্থের অভাবে যেন সন্তানের চিকিৎসা বন্ধ না হয়ে যায়।

এমন বাস্তবতায় নূর হোসাইনের পাশে দাঁড়িয়েছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী নূরের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

অনুদান প্রদানকালে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের সদস্য তপন চন্দ্র সাহা, এইচ এম জোবায়ের হোসাইন, মো. নাঈম, মাহবুব মুর্শেদ সোহান, খাইরুল বাশার, রুকুনুজ্জামান সরকার রাহাদ, আলহাজ মোশারফ হোসেন, গৌতম চন্দ্র দে, মাহবুব আলম উজ্জল, মনোরঞ্জন সরকার, আব্দুল্লাহ আল ফাহাদ, মাওলানা মাহমুদুল হাসান, মো. মুহতাসিম বিল্লাহ, এস এম মাসুদ রানা, মো. শাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মো. মিনহাজ বলেন, ‘নূর হোসাইনের চিকিৎসার বিষয়টি জানতে পেরে আমরা তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একটি অসহায় শিশুর চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ হয়ে না যায় এটাই আমাদের প্রত্যাশা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে নূরের চিকিৎসা চালিয়ে যাওয়া আরও সহজ হবে।’

দীর্ঘ ১৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করা নূর হোসাইনের চোখে এখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে সমাজের মানবিক মানুষগুলোর একটু সহযোগিতাই হতে পারে তার পরিবারের জন্য বড় আশার আলো।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্গাপুরে আদিবাসী দিবস: সাংবিধানিক স্বীকৃতির দাবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন