ঝিনাইদহের শৈলকুপায় ইয়াবাসহ বিপুল হোসেন নামের এক ব্যক্তিকে আটকের পর আদালতে মামলা দুর্বল করে দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে শৈলকূপা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনার একটি অডিও ক্লিপ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আটক বিপুল হোসনে শৈলকুপার ভগবাননগর গ্রামের বাসিন্দা।
বিপুল হোসেনের পরিবারের অভিযোগ, গত বুধবার বিকালে ৫০ পিচ ইয়াবাসহ আটকের পর এসআই তরিকুল ইসলাম ২০ হাজার টাকা দাবি করেন। বিনিময়ে আটক ব্যক্তিকে জামিনে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন ওই কর্মকর্তা।
আশ্বাসের ভিত্তিতে স্বজনরা ১২ হাজার টাকা দেন। তবে টাকা নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিপুল হোসেনের পরিবারের। টাকা ফেরত চাওয়া হলে নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
অভিযোগের বিষয়ে উপ-পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, “অডিওর কণ্ঠ আমার না। এটা এআই দিয়ে তৈরি। আমার কর্মে ক্ষুব্ধ হয়ে আমাকে নিয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে। বিপুল হোসেনকে ইয়াবাসহ আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, “অডিও ক্লিপটি আমরা সংগ্রহ করেছি। যাচাই-বাছাই করে ওই উপ-পরিদর্শকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পড়ুন : টাঙ্গাইলে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন, মায়ের ১৫ বছরের কারদণ্ড


