বিজ্ঞাপন

জিপিএ-৫ ও পাসের হার—দুটিই কমেছে এবার

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। একই সঙ্গে এবার পরীক্ষায় গড় পাসের হারও কমে ৬২ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিজ্ঞাপন

পাঁচ বছরে জিপিএ-৫-এর চিত্র

প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। পরের বছর এ সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জনে।

২০২৪ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ২০২৫ সালে তা আরও কমে হয় ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। আর চলতি বছর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে।

অর্থাৎ, ২০২৫ সালের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

পাঁচ বছরের হিসাবে ২০২২ সালে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন, ২০২৩ সালে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন, ২০২৫ সালে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন এবং ২০২৬ সালে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলে ২০২৬ সালে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাসের হারও কমেছে

জিপিএ-৫ কমার পাশাপাশি এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হারও কমেছে। ২০২৬ সালে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট।

এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। ২০২৫ সালে এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। ফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশীয় পয়েন্ট।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

কোন বোর্ডে পাসের হার কত

ফলাফলে সবচেয়ে বেশি ৭১ দশমিক ৬৩ শতাংশ পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে। সবচেয়ে কম ৫৫ দশমিক ৪৯ শতাংশ পাসের হার মাদ্রাসা শিক্ষা বোর্ডে।

এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক ০৫ শতাংশ, ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ।

কোন বোর্ডে জিপিএ-৫ কত

বোর্ডভিত্তিক ফলাফলে জিপিএ-৫ পাওয়ার দিক থেকেও এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

রাজশাহী বোর্ডে ১৬ হাজার ১১৩ জন, দিনাজপুর বোর্ডে ১৩ হাজার ৬৩৯ জন, যশোর বোর্ডে ১১ হাজার ৪৭৮ জন, কুমিল্লা বোর্ডে ৯ হাজার ৮১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৯ হাজার ৩৯৮ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ হাজার ৭০০ জন, সিলেট বোর্ডে ৩ হাজার ৮৩৬ জন এবং বরিশাল বোর্ডে ২ হাজার ৭৭৮ জন জিপিএ-৫ পেয়েছেন।

সাধারণ বোর্ডের বাইরে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭১৬ জন শিক্ষার্থী। আর কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৯৫১ জন।

পরীক্ষার্থী ও ফলাফলের চিত্র

এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

চলতি বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন।

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এবার ৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া বিদেশি কেন্দ্রের মধ্যে একটিতে কেউ পাস করেনি।

পড়ুন: এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন