বিজ্ঞাপন

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে: দুর্গাপুরে শপথ নিলো শিক্ষার্থীরা

‘‘চলো যাই যুদ্ধে-মাদকের বিরুদ্ধে’’- সময়োপযোগী ও জোরালো এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে মাদক, বাল্যবিবাহ এবং সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। সমাজ থেকে এসব ব্যাধি দূর করার লক্ষ্যে তারা একযোগে প্রদর্শন করেছে ‘লাল কার্ড’।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং ‘এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই লাল কার্ড প্রদর্শন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন, দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, সমাজসেবা অফিসার তারেক হোসাইন, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এবং একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ সাদাত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি বলেন, “তোমরা যারা আজকে শিশু, আগামী দিনে তোমরাই এ দেশের নেতৃত্ব দেবে। তাই এখন থেকেই সমাজকে ধ্বংসকারী উপাদান; যেমন- মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ এবং দুর্নীতিকে লাল কার্ড দেখিয়ে দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।”

পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ইতিবাচক গুণাবলী চর্চার আহ্বান জানিয়ে বলেন, “সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়ে শপথ নিতে হবে। নিয়মিত লেখাপড়া ও জ্ঞানার্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” এ সময় তিনি সন্তানদের সঠিক বিকাশে অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার বলেন, “মাদক ও বাল্যবিবাহ জাতিকে ধীরে ধীরে রুগ্ন ও মেধাশূন্য করে দেয়। শুধু আইনের কঠোর প্রয়োগ নয়, বরং সামাজিক সচেতনতাই পারে এই ভয়াবহ ব্যাধি দূর করতে। সেই তাগিদ থেকেই আমরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার আয়োজন করে সচেতনতা বৃদ্ধির কাজ করছি। যুবসমাজকে রক্ষায় আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের দুর্নীতি, মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়। শিক্ষার্থীরা সমস্বরে শপথ নেয় যে, তারা জীবনে কখনো মাদক গ্রহণ করবে না, বাল্যবিবাহকে কোনোভাবেই সমর্থন করবে না এবং সমাজের যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়াবে।

শিক্ষার্থীদের এমন ইতিবাচক ও স্বতঃস্ফূর্ত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল। তারা মনে করেন, তরুণ প্রজন্ম সচেতন হলেই সুস্থ সমাজ গঠন সম্ভব।

আনুষ্ঠানিকতা ও শপথ গ্রহণ শেষে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষামূলক আনন্দদায়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পড়ুন:সিলেটে সড়কে আবারও প্রাণহানী

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন