সিআইডির পুলিশ পরিদর্শককে থাপ্পড় দেওয়ার ঘটনায় জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মজিবর রহমান মজিবকে গ্রেপ্তারের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ করেছেন পরিবহন শ্রমিকরা। এতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে দিনাজপুরের সঙ্গে ঢাকাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কোতোয়ালি থানা এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। একই সঙ্গে দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের কাঞ্চনঘাট এলাকাতেও অবস্থান নেন তারা।
রোববার রাতে দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমানকে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মজিবর রহমান মজিবের বিরুদ্ধে। ঘটনার পরপরই তাকে আটক করে পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ ও আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে সিভিল পোশাকে থানায় যান সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান। একই সময়ে থানার ওসির সঙ্গে দেখা করতে যান মজিবর রহমান। ওসি থানায় না থাকায় ওসির কক্ষের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মজিবরের সঙ্গে থাকা একজন নওয়াবুর রহমানকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে মজিবর রহমান ওই পুলিশ কর্মকর্তার ডান গালে সজোরে থাপ্পড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হুমকিও দেওয়া হয়।
পরে থানায় থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মজিবর রহমানকে আটক করেন। এ ঘটনায় পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন।
মজিবর রহমান দিনাজপুর জেলা কৃষকদলের সদস্যসচিব এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নূর নবী জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে মজিবর রহমানকে আটক করা হয়। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এদিকে এই ঘটনায় দল থেকে তাকে মৃতির মাধ্যমে গতকাল বহিষ্কার করা হয়েছে।
পড়ুন : কোম্পানি আইনে চালু হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
সা/


