কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা সংলগ্ন ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে কয়েকজন ব্যক্তি সীমান্ত পিলার ৯৮৮-এর কাছে কাজিয়ার চরের দোনালার মাথা এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যদের সামনে পড়েন তারা। বিএসএফের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান পালানোর সময় বিএসএফের হাতে আটক হন।
পরে বিষয়টি জানতে পেরে আজিবরকে দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। আটক নাগরিককে দেশে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : ৩৫ বছর পর আবার ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে রাষ্ট্রপতি
সা/


