বাংলাদেশসহ মুসলিম বিশ্বের কয়েকটি দেশে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয় আখেরি চাহার সোম্বা। এ উপলক্ষে আগামীকাল বুধবার (১২ আগস্ট) দেশে সরকারিভাবে সাধারণ ছুটি নেই। তবে ঐচ্ছিক ছুটি থাকায় দিনটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী বুধবার দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকবে।
রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এরই মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার ছুটির ঘোষণা দিয়েছে।
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ জারি করেছে।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধীন সব কলেজ বন্ধ থাকবে।
আখেরি চাহার সোম্বা মূলত আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত একটি নাম। ‘চাহার’ শব্দের অর্থ চার এবং ‘সোম্বা’ শব্দের অর্থ বুধবার। আর ‘আখেরি’ অর্থ শেষ। অর্থাৎ আখেরি চাহার সোম্বা বলতে সফর মাসের শেষ বুধবারকে বোঝানো হয়। মুসলমানরা দিনটিকে খুশির দিন হিসেবে উদযাপন করে থাকেন।
পড়ুন: রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা অব্যাহত হয়েছে: আইআইএমএম
আর/


