‘সপ্তাহে এক দিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে এক দিন স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ‘জুলাই স্মৃতি জাদুঘরে’ প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন নিয়ে নানা আলোচনা হলেও শেষ পর্যন্ত সেসব আশঙ্কা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, উদ্বোধনের পর জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা সমাধান করা হয়েছে।
জাদুঘরের ব্যবস্থাপনায় সমস্যার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণেই মূলত এ পরিস্থিতি তৈরি হয়েছিল। ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ থাকায় উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেন। এতে ব্যবস্থাপনায় কিছুটা চাপ সৃষ্টি হয়েছিল।
বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ এবং এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।


