মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি এক বৃদ্ধ ও দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ৩টার দিকে সীমান্তের শূন্যরেখায় এ হস্তান্তর করা হয়। এ সময় বিএসএফের হাতে আটক বাংলাদেশি আব্দুল মান্নান (৭০) এবং বিজিবির হাতে আটক ভারতের দুই নাগরিক শচীন দাস (৬৫) ও নরতন বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়।
বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে। অন্যদিকে বিজিবির হাতে আটক দুই ভারতীয় নাগরিক হলেন নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস এবং একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশের মরিচের জমিতে কীটনাশক দিতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।
আব্দুল মান্নানকে আটকের খবর পাওয়ার পর কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের ওই দুই নাগরিককে ধরে স্থানীয় লোকজন বিজিবির কাছে সোপর্দ করেন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নোম্যান্স ল্যান্ডসংলগ্ন ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ হলে পরিস্থিতি নিরসনে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আলোচনার পর আটক বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, জিরো লাইনের কাছে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পতাকা বৈঠকের আয়োজন করা হয়। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে উভয় পক্ষকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজ নিজ বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের ওই পতাকা বৈঠকে ভারতের নবচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাজিব কুমার এবং ইছাখালী বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবু হানিফ অংশ নেন।
পড়ুন: রাখাইনে রোহিঙ্গাদের ওপর সহিংসতা অব্যাহত হয়েছে: আইআইএমএম
আর/


