ট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার বাদামতল এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে একটি যাত্রীবাহী মিনিবাস মনসা-বাদামতল এলাকা থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসে থাকা যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করেন। এতে অন্তত ১০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে।
আহতদের মধ্যে সুচক্রদণ্ডী এলাকার খোরশেদ আলম (৫০), আনোয়ারা উপজেলার মোকাররম হোসেন (১৭) ও মো. হারুনুর রশিদ (৫৫)-কে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া জান্নাতুল ফেরদৌস (৩৬) নামের এক নারীসহ একই পরিবারের তিনজন বোয়ালখালীর বেঙ্গুরা এলাকা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ওমর ফারুক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলেও ভাগ্যক্রমে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারে কাজ চলছে।
পড়ুন:রাজবাড়ীতে বিনামূল্যে ১৪৮ জন নারীকে করা হলো স্তন ক্যানসার ও জরায়ূ মুখের পরীক্ষা
ইমি/


