শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামের বাসিন্দা দুলাল চৌকিদারও তার ৩ ভাইর বিরুদ্ধে আপন বোন কমলা বেগমের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(১৫ আগষ্ট) দুপুরে ভেদরগঞ্জ উপজেলায় মা প্লাজা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী কমলা বেগমের(৬৫) অভিযোগ, দীর্ঘদিন ধরে দুলাল চৌকিদার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমি ও বসতবাড়ি নিয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে তিনি হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন। তার অভিযোগ, এসব ঘটনার কারণে তিনি নিজের বাড়িঘরে স্বাভাবিকভাবে বসবাস করতে পারছেন না এবং বর্তমানে অন্যের বাড়িতে ভাড়া থাকতে হচ্ছে।
কান্নাজড়িত কণ্ঠে কমলা বেগম বলেন, তার নিজের কোনো সন্তান নেই। স্বামীও বেঁচে নেই। জীবনের শেষ সময়ে তিনি নিজের মা-বাবার ভিটায় ফিরে যেতে চান। এমনকি নিজের মায়ের কবরস্থানেও যেতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি।
কমলা বেগমের দাবি, তার মায়ের দেওয়া জমি এবং বাবার সম্পত্তিতে তিনি যেতে পারছেন না। তার একটিমাত্র থাকার ঘর সেই ঘর দুলাল চৌকিদার তালা মেরে দিয়েছেন । তিনি বলেন, আমি আমার মা-বাবার ভিটায় ফিরতে চাই। আমার মা-বাবার কবরটা দেখতে চাই। জীবনের শেষ সময়ে এটুকু অধিকার আমি চাই।
এ বিষয়ে তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে জানান। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি করেন।
কমলা বেগমের ছোট বোন হালিমারও অভিযোগ, দুলাল চৌকিদার ও তার পরিবারের সদস্যদের কারণে এলাকায় দীর্ঘদিন ধরে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করা প্রয়োজন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দুলাল চৌকিদার ও তার পরিবারের সঙ্গে এলাকার অনেকের দূরত্ব তৈরি হয়েছে বলে তারা দাবি করেন। তাদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানো, মামলা দিয়ে হয়রানির হুমকি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও করেন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
স্থানীয় বর্তমান ইউপি সদস্য নুর ইসলাম হাওলাদার বলেন, দুলাল চৌকিদার ও তার পরিবারের কার্যকলাপ নিয়ে গ্রামের মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলে তিনি শুনেছেন। তবে কোনো অভিযোগের বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়ার আগে সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলেও সংশ্লিষ্টরা মনে করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি স্বপন সরকার, সাংবাদিক শাহাদাত হোসেন, আজকালের কণ্ঠের নাসির খান, সাংবাদিক জামালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
পড়ুন : অবসর ভাতার জন্য শিক্ষকদের আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
সা/


