মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। লাশের মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ এবং বাম চোখে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত আব্দুল হক পূর্ব শংকরপুর গ্রামের মৃত সোয়াব আলীর ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে মাধুরি মালাকার বাড়ির পাশের ঝোপঝাড়ের নিচে আব্দুল হকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল হকের মাথার পেছনে কোপের চিহ্ন এবং বাম চোখে আঘাতের দাগ রয়েছে। এসব আঘাতের চিহ্ন দেখে তাঁকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে বলে সন্দেহ করছেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাড়ির অদূরে জঙ্গল থেকে একজনের লাশ উদ্ধারের ঘটনায় পূর্ব শংকরপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

