দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা নির্ধারণ করেছে বাজুস।
এর আগে শুক্রবার (১৪ আগস্ট) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তবে দাম কমানোর মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিমাণ দাম আবার বাড়ানো হলো।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এ দাম কার্যকর থাকবে। তবে স্বর্ণের গহনার ডিজাইন অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। এছাড়া বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
পড়ুন:এলএনজি সরবরাহ বাড়ায় গ্যাস সংকটে মিলতে পারে স্বস্তি
ইমি/


