নীলফামারীর সৈয়দপুরে জাল দলিল তৈরি, বিএস রেকর্ড নিজের নামে করা এবং অবৈধভাবে জমি দখল করে বহুতল ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সরকার কবির উদ্দিন ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ দুপুরে সৈয়দপুরের বাঁশবাড়ী এলাকায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী সাহাব উদ্দিন ও তার পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাহাব উদ্দিন জানান, সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ী এলাকায় তাদের প্রায় ৪০ বছর ধরে বসবাসরত পৈত্রিক ও ক্রয়কৃত ৩.৮৭ শতক জমি জাল দলিলের মাধ্যমে ও বিএস রেকর্ডে কারচুপি করে দখল করে নিয়েছেন সাবেক কাউন্সিলর সরকার কবির উদ্দিন ইউনুস।
লিখিত অভিযোগে জানানো হয়, ১৯৮৬ সালে তারা ওই সম্পত্তি ক্রয় করে বসতি স্থাপন করেন এবং নিয়মিত বসবাস ও ভোগদখল করে আসছেন। কিন্তু পরবর্তীতে ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মচারীর যোগসাজশে ও রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে কবির উদ্দিন ওই জমি নিজ নামে বিএস রেকর্ডভুক্ত করেন এবং অবৈধভাবে ভবন ও পাকা দেয়াল নির্মাণ শুরু করেন।
সাহাব উদ্দিন অভিযোগ করেন, পৌরসভার অনুমোদিত নকশা না মেনে ও আদালতের একাধিক নিষেধাজ্ঞা (১৪৪/১৪৫ ধারা ও অস্থায়ী নিষেধাজ্ঞা) অমান্য করে বহুতল ভবনের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এর ফলে ভুক্তভোগীদের বসতবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ঘরবাড়ির চরম ক্ষতি সাধিত হচ্ছে এবং পরিবারটি মানবিক সংকটে পড়েছে।
তিনি আরও জানান, এ বিষয়ে সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের, পৌরসভার মেয়রের কাছে নকশা বাতিলের আবেদন এবং সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং-৮৮/২০) বিচারাধীন থাকা সত্ত্বেও কোনো তোয়াক্কা না করে ক্ষমতার দাপট দেখিয়ে নির্মাণ কাজ চালানো হচ্ছে। বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালেও মামলাটি রেকর্ডের জন্য গজেট সংশোধনের অপেক্ষায় রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি অবিলম্বে এই অবৈধ দখলদারিত্ব বন্ধ, আদালতের আদেশ বাস্তবায়ন এবং জাল রেকর্ডের মাধ্যমে হাতিয়ে নেওয়া জমি উদ্ধারে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছে।
পড়ুন : সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি
সা/


