বিজ্ঞাপন

সরকার ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে : রিজভী

গুম, খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির ‘ভগ্নস্তূপের’ ওপর দাঁড়িয়ে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, অবাধ ও ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

সোমবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলের নৈরাজ্যের চিত্র তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি। চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে-তার কোনো ইয়ত্তা ছিল না।’

তিনি আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিচারবহির্ভূত হত্যা লেগেই ছিল। সরকারের ভিন্নমত পোষণ করলেই খাল, নদী বা পুকুরের ধারে প্রতিদিন লাশ পাওয়া যেত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই নৈরাজ্যের ঘন অন্ধকারের মধ্যে বিপুল আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে বলে মন্তব্য করেন তিনি।

দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক-একটির পর একটি ব্যাংক লোপাট হয়ে গেছে। মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, ‘আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে দাবি করেন রিজভী।

তিনি বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য-প্রতিটি ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে।

সরকারের স্বচ্ছতার কথা উল্লেখ করে রিজভী বলেন, মহামারি বা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। কিন্তু জনগণের সরকার থাকলে তা মোকাবিলা করে মানুষের কল্যাণে কাজ করাই সরকারের ব্রত।

নির্বাচিত সরকার হওয়ার কারণেই সরকারের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতা রয়েছে সংসদ ও গণমাধ্যমের মাধ্যমে। এ দিনের অনুষ্ঠানটিও বৃহত্তর জবাবদিহিতার একটি অংশ।

সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহিদ উর রহমান, প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন : এ বছরের মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন