খবরের কাগজের পাতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে ধর্ষণ, নির্যাতন ও হত্যার নির্মম সব খবর। একের পর এক ঘটে যাওয়া এমন ঘটনার সাক্ষী হতে হতে সহিংসতা যেন নিত্যদিনের বাস্তবতায় পরিণত হয়েছে।
প্রতিটি ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন মানুষ, উত্তাল হয় রাজপথ, ওঠে বিচারের দাবি। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতিও আসে। কিন্তু সময়ের স্রোতে অনেক ঘটনা হারিয়ে যায়, আর দীর্ঘসূত্রিতার জালে আটকে পড়ে বহু ঘটনা।
সম্প্রতি ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় ছোট্ট রামিসাকে। হৃদয়বিদারক এই ঘটনা নাড়া দিয়েছে মানুষের বিবেককে। সেই বেদনা, ক্ষোভ এবং বিচারপ্রত্যাশী মানুষের আকুতি থেকেই গীতিকবি মাহবুবুল খালিদ রচনা করেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামে গান।
“রামিসা এসে যোগ দিলো/ হঠাৎ আছিয়ার সনে/ তনু হত্যার বিচার হয়নি এখনো/ নুসরাত আছে লাইনে…।”—এমন কথামালায় সাজানো গানটির সুরও করেছেন গীতিকার মাহবুবুল খালিদ। গানটিতে গীতিকারের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের (Khalid Sangeet) ইউটিউব চ্যানেলে। একই নামে থাকা ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
মাহবুবুল খালিদের সৃষ্টির অন্যতম প্রধান শক্তি তার মানবিক অবস্থান। নির্যাতিত, নিপীড়িত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলাকে তার শিল্পচর্চার অন্যতম দায়িত্ব হিসেবে নিয়েছেন তিনি। সমাজের নানা অসঙ্গতি, অন্যায় ও মানবিক সংকট তার গান-কবিতায় বারবার উঠে এসেছে।
দেশপ্রেম, প্রকৃতি, ধর্মীয় ও সামাজিক উৎসব, জনসচেতনতা কিংবা খেলাধুলা—এসব বিষয় বৈচিত্র্য তার সৃষ্টিতে স্পষ্ট। গণসংগীত থেকে লোকগীতি, হামদ-নাত, শিশুতোষ গান, দেশাত্মবোধক, প্রেম-বিরহ কিংবা আধ্যাত্মিক ভাবনা—বিভিন্ন ধারায় স্বচ্ছন্দ বিচরণ রয়েছে এই গীতিকারের।
সমাজের বাস্তব ঘটনাগুলোও তার সৃষ্টিকে করেছে আরো তীক্ষ্ণ ও সময়োপযোগী। রাজধানীর মিরপুরে নির্যাতিত শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে লেখা ‘আদুরি’ গানে যেমন উঠে এসেছে এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি, তেমনই সীমান্তে ফেলানী হত্যাকাণ্ড নিয়ে লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানটিও নাড়া দিয়েছে মানুষের বিবেককে।
মাগুরার শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনা নিয়ে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। গানটিতে সমাজের অন্ধকার বাস্তবতা এবং একটি শিশুর ওপর ঘটে যাওয়া নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাওয়া যায়। এই গানের জন্য মর্যাদাকর বাইফা অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদ।
শুধু দেশের সামাজিক বাস্তবতাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংকটও জায়গা পেয়েছে মাহবুবুল খালিদের সৃষ্টিতে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা গান মানবতার পক্ষে তার অবস্থানকে স্পষ্ট করেছে। ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপ নিয়েও গান লিখেছেন এই শিল্পী।
সব মিলিয়ে মাহবুবুল খালিদের সৃষ্টি কেবল বিনোদনের জন্য নয়; তার গান হয়ে উঠেছে সময়ের দলিল, প্রতিবাদের ভাষা এবং মানুষের পক্ষে এক শিল্পীর দৃঢ় কণ্ঠ। রামিসাকে নিয়ে লেখা ‘রামিসাদের বিচার’ সেই ধারাবাহিকতারই আরেকটি সংযোজন; যেখানে একটি নির্মম ঘটনার বেদনা পেরিয়ে উঠে এসেছে বিচারপ্রত্যাশী মানুষের আকুতি।


