বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আজ মঙ্গলবার (১৮ আগস্ট)। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ সার্ভিসের উদ্বোধন করা হবে।
সোমবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
এতে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের শুভ উদ্বোধন মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসি জানিয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। গোলাপি রঙের এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্বোধনের পর নির্ধারিত রুটে এসব বাস চলাচল করবে।
এছাড়া চট্টগ্রামেও যাত্রা শুরু করবে ‘বিশেষ মহিলা বাস’। কালুরঘাট বেতার কেন্দ্র এলাকায় দুটি বাস দিয়ে এই সার্ভিসের উদ্বোধন করা হবে। বাসগুলো কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট-পতেঙ্গা এলাকা পর্যন্ত চলাচল করবে।
চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ জন্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিষয়টি নিশ্চিত করে তিনি আজ গণমাধ্যমকে বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশে নারীদের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করার লক্ষ্যে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে। শুরুতে রাজধানী ঢাকায় এই বাস সার্ভিস চালুর হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ বিবেচনায় চট্টগ্রামকেও বেছে নিয়েছেন। তিনি চট্টগ্রামের জন্যও দুটি বাস বরাদ্দ করেছেন, সেগুলো আগামীকাল থেকে চলাচল শুরু করবে। সকাল ১০টায় বাসগুলো উদ্বোধন করা হবে। চট্টগ্রামকে এগিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এই সংসদ সদস্য।
পড়ুন : নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ


