মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলার মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৭০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু।
প্রধান অতিথির বক্তব্যে জাভেদ মাসুদ মিল্টন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে জেলা পরিষদ থাকবে।
তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সহকারী জাহিদুল ইসলাম জাহিদ।
পড়ুন : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
সা/


