কলকাতায় গভীর রাতে একটি হোটেলে আগুনে নিহত ৯ জনের মরদেহ উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরিচয় শনাক্ত হওয়া ছয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি এবং একজন ভারতের ঝাড়খণ্ডের বাসিন্দা।
মধ্যরাতের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শহরের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। আগুনের চেয়ে ধোঁয়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
শনাক্ত হওয়া মৃত ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেরার আরুয়াপাড়ার দেবাশিস দত্ত (৩৭), তার শিশুসন্তান শর্ণশিষ দত্ত (২)। একই এলাকার আফসানা শিম্মিন (২৫)।
একই উপজেলার থানাপাড়া এলাকার ইয়াসিন আলীর ছেলে মো. আকরাম আলী (৬৪)। এ ছাড়া ঢাকার সাভারের বেগুনবাড়ি এলাকার শিশু আহমেদ বাবু (২) এবং ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার ১৯ বছর বয়সী তরুণ সন্দীপ পাসওয়ান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বাকি তিনজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের নাম-পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে নিহত ৯ জনের শরীরে বড় ধরনের পোড়া দাগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
স্থানীয়দের দাবি, আগুনের সময় অনেকে ধোঁয়া থেকে বাঁচতে বাথরুমে আশ্রয় নিয়েছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ল্যাডার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ থেকে আটকে পড়াদের উদ্ধার করেন।
পড়ুন : চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সা/


