জনস্বার্থ রক্ষা, অবৈধ কার্যক্রম প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) জেলার সদর, কলমাকান্দা, মোহনগঞ্জ এবং দুর্গাপুর উপজেলায় একযোগে এসব অভিযান চালানো হয়। এতে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের পাশাপাশি অবৈধ সরঞ্জাম জব্দ ও বিনষ্ট করা হয়েছে।
নেত্রকোনা সদর ও কলমাকান্দায় মূলত অবৈধ মজুত, নিষিদ্ধ জালের ব্যবহার ও অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
উজিয়াখালী বাজারে প্রায় তিন হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করে সরকারি উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন। এছাড়া উজিয়াখালী বিল থেকে ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ফেলা হয়।
সদর উপজেলার বড়বাজারে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে অভিযানে নিষিদ্ধ জাল বিক্রির দায়ে ‘আবিদ ট্রেডার্স’কে ৪০ হাজার টাকা এবং ‘আয়েশা ট্রেডার্স’কে ২০ হাজার টাক জরিমানা করা হয়।
সদর উপজেলায় মেছুয়া বাজারে যানজট নিরসনে রাস্তার দুই পাশের ২০টি অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করে পৌরসভার সহায়তায় আবর্জনা পরিষ্কার করা হয়।
জনস্বাস্থ্য ও যুবসমাজকে রক্ষায় চিকিৎসা ক্ষেত্রে প্রতারণা এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।
মোহনগঞ্জ উপজেলা হাসপাতাল এলাকায় ভুয়া দন্ত চিকিৎসককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একটি অবৈধ ডেন্টাল ক্লিনিককেও পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) এম. এ. কাদের। এছাড়া মাদক আইনে অপর একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দুর্গাপুর উপজেলায় ইন্দ্রপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় তিনজনকে ইয়াবাসহ আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশো টাকা জরিমানা প্রদান করেন।
নেত্রকোনা সদর উপজেলার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টির অপরাধে দুই জনকে অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী ও যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন : মোবাইল কোর্টের প্রতিবাদে কুলাউড়ায় সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ


