দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হচ্ছে আজ (২০ আগস্ট)। প্রথমবারের মতো নৌযান শুমারি পরিচালনা করছে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেইজ তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত সারাদেশে এ শুমারি পরিচালিত হবে।
শুমারির সময় দেশের নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। পরে এসব তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করা হবে।
সংশ্লিষ্টদের মতে, নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নীতিনির্ধারণে এই ডাটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের নির্ভরযোগ্য, হালনাগাদ ও পূর্ণাঙ্গ পরিসংখ্যানভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনা আরও কার্যকর করা, নৌনিরাপত্তা জোরদার এবং নৌপথ ব্যবস্থাপনা উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সহজ হবে। পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তৈরিতেও এসব তথ্য ব্যবহার করা যাবে।
শুমারি কার্যক্রম সফল করতে নৌযান মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা চেয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে বিবিএসের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় ও সঠিক তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, যেভাবে ভোট দেবেন সাংসদরা
আর/


