ব্রাজিলের পর ভারতীয় ফুটবলপ্রেমীদের সামনে হাজির হতে পারেন বিশ্বকাপের আলোচিত দল কেপ ভার্দে। সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফ্রিকার দলটি। আর গোলবারের নিচে দেখা যেতে পারে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা গোলরক্ষক ভোজিনিয়াকে।
ব্রাজিলের বিপক্ষে ভারতের বহুল প্রতীক্ষিত প্রীতি ম্যাচ নিয়ে এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। আগামী ৩ অক্টোবর কলকাতায় অনুষ্ঠেয় ম্যাচটির পর ভারতীয় সমর্থকদের জন্য আরও বড় চমক আসতে পারে। কেপ ভার্দেকে আমন্ত্রণ জানিয়ে আরেকটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ), জানিয়েছে এনডিটিভি।
পরিকল্পনা সফল হলে ব্রাজিলের পর কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামবে ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোয় ম্যাচটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। ফেডারেশনের একটি সূত্র জানিয়েছে, কেপ ভার্দের সঙ্গে আলোচনা চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ আয়োজনের সম্ভাবনা যথেষ্ট থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে আরও কিছুটা সময় লাগবে।
এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। অভিষেকেই নিজেদের সামর্থ্যের জানান দিয়ে নকআউট পর্বে ওঠে আফ্রিকার দলটি। গ্রুপ পর্বেই তাদের সামনে পড়েছিল তারকায় ভরা স্পেন। সেই ম্যাচে প্রতিপক্ষকে বেশ ভালোভাবেই আটকে দিয়েছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত স্পেন জয় নিয়ে মাঠ ছাড়লেও কেপ ভার্দের লড়াই প্রশংসা কুড়ায়।
গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করে দলটি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচটি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে একসময় পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল কেপ ভার্দে। অতিরিক্ত সময়ে গোল হজম করে শেষ পর্যন্ত বিশ্বকাপযাত্রা থামাতে হয় তাদের।
কেপ ভার্দের বিশ্বকাপ-যাত্রার অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছেন গোলরক্ষক ভোজিনিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা দলটির গোলপোস্ট সামলে একের পর এক গুরুত্বপূর্ণ সেভ করে তিনি নজর কেড়েছেন বিশ্বজুড়ে। আর্জেন্টিনার বিপক্ষেও একাধিক গোলের সুযোগ আটকে দেন ভোজিনিয়া। স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্সও ছিল ম্যাচের অন্যতম আলোচিত বিষয়।
পড়ুন : দেশের বাজারে সোনার দামে বড় লাফ
সা/


