নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে কে শপথ পড়াবেন, তা নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ের কাছে জানতে চায়, বর্তমানে ডেপুটি স্পিকার ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে সাংবিধানিকভাবে তার করণীয় কী, সে বিষয়ে মতামত চাওয়া হয়।
জবাবে আইন মন্ত্রণালয় জানায়, নতুন রাষ্ট্রপতিকে ভারপ্রাপ্ত স্পিকার শপথ পড়ানোর ক্ষেত্রে সাংবিধানিক কোনো বাধা নেই।
মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের সব দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন।
মতামতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠানোর ক্ষেত্রেও তিনিই সাংবিধানিকভাবে যথাযথ কর্তৃপক্ষ।
পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, যেভাবে ভোট দেবেন সাংসদরা
আর/


