বিজ্ঞাপন

মানবিক ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতের তাগিদ: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সেবাবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনা জেলা সফর করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি দিনব্যাপী নেত্রকোনা জেলা পুলিশের বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রেঞ্জ ডিআইজি নেত্রকোনা পুলিশ অফিসার্স মেসে এসে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনার কমান্ডেন্ট (পুলিশ সুপার) কানাই লাল সরকার এবং সিআইডি, নেত্রকোনার অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মাসুদ আনোয়ার। পরবর্তীতে নেত্রকোনা জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে সশস্ত্র ‍‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান প্রদর্শন করে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পুলিশ সুপারের সভাপতিত্বে নেত্রকোনা পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের অংশগ্রহণে “রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি জাহিদুল হাসান পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও সমষ্টিগত দাবী-দাওয়ার বিষয়গুলো অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন এবং উত্থাপিত যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

কল্যাণ সভা শেষে ডিআইজি মহোদয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফলের চারা রোপণ করেন। এরপর ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে তিনি পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। এর মাধ্যমে তিনি দেশের মৎস্য সম্পদের উন্নয়নে পুলিশের অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেন।

দুপুরে তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নেত্রকোনা পরিদর্শন করেন। সেখানে কনস্টেবল থেকে পুলিশ পরিদর্শক (নিঃ) পদমর্যাদার সদস্যদের জন্য আয়োজিত “সেবাবান্ধব পুলিশ গড়ে তোলার ক্ষেত্রে পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন” শীর্ষক কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি যোগ দেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন, পেশাগত দক্ষতা ও নৈতিকতার মান উন্নয়নের তাগিদ দেন এবং সফলভাবে কোর্স সম্পন্নকারীদের মাঝে সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করেন।

বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সকল থানার অফিসার ইনচার্জদের (ওসি) সাথে বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় মিলিত হন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ, মাদক নির্মূল, এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আরও প্রো-অ্যাকটিভ ভূমিকা পালনের জন্য ওসিদের কড়া নির্দেশ দেন।

সফরের শেষভাগে ডিআইজি মহোদয় সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম ‘হ্যালো এসপি (HELLO SP)’ হেল্পলাইন এবং ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’ এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, থানায় আগত নারী, শিশুসহ যেকোনো ভুক্তভোগীর প্রতি সর্বোচ্চ মানবিক আচরণ করতে হবে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস যেন আরও বৃদ্ধি পায়, সেজন্য আধুনিক, মানবিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

দিনব্যাপী এ সফরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্যে নেত্রকোনা জেলা পুলিশের সর্বস্তরের সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ ও কর্মোদ্দীপনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ২৫৫ ভোটে ফখরুল রাষ্ট্রপতি আনন্দের জোয়ারে ভাসছে ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন