নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজ লুটের ঘটনায় দায়ের করা মামলা তুলে না নেওয়ার জের ধরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাহিদ হাসান বুলবুল ওই এলাকার রাজা মাস্টারের ছেলে।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান আন্দোলনে যোগ দেওয়ায় বুলবুলের রিকশার গ্যারেজে সিফাত বাহিনী লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই সেটি তুলে নিতে বুলবুলকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল।
স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে সিফাত ও তার সঙ্গে থাকা কয়েকজন পুনরায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন: রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার যুক্ত হচ্ছে ‘ড্রোন সার্ভিলেন্স’
আর/


