বিজ্ঞাপন

দিনাজপুরে বিজিবির অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪

সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরে প্রায় ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৫ কেজি ৭০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, র‌্যাব-১৩ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ অভিযানিক দল চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান চালায়।

অভিযানে বিদেশে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল এমন ৩টি কাচের জারে রাখা আনুমানিক ৫ কেজি ৭০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়। এসময় ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ডও জব্দ করা হয়।

আটক ৪ জন হলেন:
1. মোঃ জাহাঙ্গীর আলম (৪৩) – পিতা মোকলেসুর হক, গ্রাম: দামুর, চিরবন্দর, দিনাজপুর
2. মোঃ সালাউদ্দিন সান্জু (৪১) – পিতা মৃত এ কে এম শহিদুল ইসলাম, গ্রাম: ছোট গুড়গোলা, সদর, দিনাজপুর
3. মোঃ আনিছুর রহমান (৫) – পিতা মৃত আব্দুল মজিদ, গ্রাম: ক্ষেত দেখি, ফুলবাড়ী, দিনাজপুর
4. উজ্জল আলী (৫৪) – পিতা মৃত মোবারক, গ্রাম: কৃন্দনহাট, বিরামপুর, দিনাজপুর

বিজিবি’র প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন তারা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। এর আগেও তারা বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছেন বলে জানিয়েছেন।

উদ্ধারকৃত সাপের বিষ, যানবাহন ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ধরা হয়েছে ৩৮,৫৭,০৩,৮০০ টাকা।

আটক ব্যক্তিদের গত ১৩ আগস্ট চিরবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হলে তা সাপের বিষ হিসেবে শনাক্ত হয়।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।”

বিজ্ঞাপন

পড়ুন : পদ্মানদীতে চ্যানেল চার্জ আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ১১

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন