শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার উদ্যোগে এক বিশেষ শ্রমিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২২ আগস্ট (শনিবার) বেলা ১১টায় শহরের শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত পুঁজিবাদী ও সমাজবাদী অর্থনৈতিক ব্যবস্থা বিশ্বের শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পুঁজিবাদের করাল গ্রাসে শ্রমিকরা আজ দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ, যেখানে তাদের ঘাম ঝরানো শ্রমে কায়েমি স্বার্থভোগীরা ধনকুবের হচ্ছে, অথচ শ্রমিকরা পাচ্ছে না তাদের বেঁচে থাকার ন্যূনতম মজুরি। চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের এ লড়াই কেবল কোনো অর্থনৈতিক দাবি নয়, এটি মানুষের মর্যাদা রক্ষার লড়াই। কোনো প্রচলিত আইন শ্রমিকের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে পারেনি। কেবল ইনসাফভিত্তিক ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই মালিক-শ্রমিক সুসম্পর্ক গড়ে তোলা এবং শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধের বিধান নিশ্চিত করা সম্ভব। শ্রমজীবী মানুষের প্রতি এই সুবিচার ও ন্যায়প্রতিষ্ঠা করা আজ সময়ের সবচেয়ে বড় তাগিদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসেন, সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমেদ রাজু, সুনামগঞ্জ জেলা উপদেষ্টা এডভোকেট শামসুদ্দিন এবং অধ্যাপক আবদুল্লাহ।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, শ্রমিকের শ্রমের যথাযথ মূল্যায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসলাম স্পষ্ট নির্দেশনা দিয়েছে। ইসলামি শ্রমনীতি অনুযায়ী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কর্মক্ষেত্রের সঠিক পরিবেশ তৈরি করতে সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের বলিষ্ঠ ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা ও পেশাজীবী ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি ও দায়িত্বশীল উপস্থিত ছিলেন। বক্তারা অনতিবিলম্বে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ইসলামি শ্রম আইন চালুর তাগিদ দেন।
পড়ুন : বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল যুক্তরাষ্ট্রের
সা/


