ময়মনসিংহে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বিভাগীয় অফিসের উদ্যোগে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৪টায় নগরীর বড়বাজার এলাকায় এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী শিশুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রঙ-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে তাদের কল্পনা, স্বপ্ন ও সৃজনশীলতা।
প্রতিযোগিতায় শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। ছোট্ট শিল্পীদের কেউ প্রকৃতি, কেউ দেশের দৃশ্য আবার কেউ নিজের কল্পনার জগতকে ছবির মাধ্যমে তুলে ধরে।
আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিশুদের জন্য এমন ব্যতিক্রমী ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অভিভাবকরা বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি ছবি আঁকার প্রতি তাদের আগ্রহ তৈরি হয় এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায় শিশুরা। নিয়মিত এমন আয়োজন করা হলে শিশুদের সৃজনশীলতা ও মানসিক বিকাশ আরও সমৃদ্ধ হবে বলে তারা মনে করেন।
পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী
আর/


