বিজ্ঞাপন

মালয়েশিয়ার তালিকায় ২৫ এজেন্সি, শ্রমবাজার খোলা নিয়ে কী বলছে বাংলাদেশ?

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য পঁচিশটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকার।

মালয়েশিয়া সরকারের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম (ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউএমএস) এই তালিকা প্রকাশ করেছে।

এর ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগ আবারো শুরুর আভাস পাওয়া যাচ্ছে।

তবে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আগের ঘোষণা অকার্যকর হয়ে গেল কি-না সেই প্রশ্ন উঠছে।

জনশক্তি রফতানির সাথে সংশ্লিষ্টদের অনেকেই রিক্রুটিং এজেন্সির তালিকাকে ‘নতুন সিন্ডিকেট’ হিসেবে আখ্যায়িত করলেও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের দিক থেকে বোয়েসেলই কাজটা করবে এবং তাতে দেশের সব রিক্রুটিং এজেন্সিই কর্মী পাঠানো সুযোগ পাবে।

এদিকে, রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা’র সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে আসলে কী করা হচ্ছে সে সম্পর্কে এখনো কোনো তথ্য তাদের কাছে পোৗঁছায়নি এবং বিষয়টি জানতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করছেন তারা।

প্রসঙ্গত, গত ৩০শে জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মালয়েশিয়ার শ্রমবাজার খুলে গেছে’ বলে ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি তখন বলেছিলেন, অগাস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের যাওয়া শুরু হবে।

এর আগে ২০২৪ সালের মে মাসের শেষে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া সরকার। এমনকি ওই সময় ছুটিতে দেশে আসা অনেকেই আর মালয়েশিয়ায় কাজে ফেরত যেতে পারেননি।

বাংলাদেশে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল শ্রমবাজার প্রসঙ্গ।

এরপর কয়েক দফায় উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মালয়েশীয় কর্তৃপক্ষ তাদের তালিকায় বাংলাদেশের ২৫টি এজেন্সিকে অন্তর্ভুক্ত করে তা প্রকাশ করে।

যদিও কুয়ালালামপুরের ওই সংবাদ সম্মেলনে প্রথম ধাপের কর্মী নিয়োগ প্রক্রিয়ায় সরকারি মালিকানাধীন জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন মাহদী আমিন।

প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতেই তিনি তখন বলেছিলেন, “আমরা মালয়েশিয়া সরকারকে অনুরোধ জানিয়েছি যেন প্রথম ধাপের নিয়োগপ্রক্রিয়াটি বোয়েসেলের মাধ্যমে সম্পন্ন হয়”।

কিন্তু শুক্রবার বাংলাদেশের ২৫টি রিক্রুটিং এজেন্সির নাম তালিকাভুক্ত করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে মালয়েশীয় সরকারের ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউএমএস।

আরিফুল হক চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিবিসি বাংলাকে বলেছেন, “মালয়েশিয়ার সরকারের তালিকা তাদের নিজস্ব। আমরা এখান থেকে পাঠাবো বোয়েসেলের মাধ্যমেই। আমাদের তালিকায় থাকা সব রিক্রুটি এজেন্সিই এতে কাজ করার সুযোগ পাবেন। এখানে হাইড অ্যান্ড সিকের কিছু নেই”।

যদিও রিক্রুটি এজেন্সিগুলোর মধ্যে এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে শ্রমবাজার চালুর বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসা পর্যন্ত তারা এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলছেন, “আমরা কিছু তালিকা সংবাদ মাধ্যমে দেখেছি। আমরা শুধু চাই সবাই কাজ করার সুযোগ পাক, শ্রমিকরা সুরক্ষিত থাকুক এবং ন্যূনতম খরচে শ্রমিকরা যাওয়ার সুযোগ পাক”।

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের লেবার উইংয়ের সাথে যোগাযোগ করা হলে মিনিস্টার (লেবার) ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, তাদের এখনো মালয়েশীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু অবহিত করেনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিবিসিকে জানিয়েছেন যে, তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই এ বিষয়ে (শ্রমবাজার আবার চালু) আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাবে।

“আমি আশা করি মালয়েশিয়া সরকারিভাবেই এ বিষয়ে ঘোষণা দেবে। প্রধানমন্ত্রীর সফরের পর থেকে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক তৈরি হয়েছে। আলোচনার মাধ্যমে এ বিষয়ে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই তারা ঘোষণা দিয়ে দেবেন,” বলছিলেন তিনি।

এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি দাবি করা হলেও খুব একটা সফলতা আসেনি। তখন মালয়েশিয়া সরকারের কাছে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকাও দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। বর্তমান সরকারে সেটিকে যাচাই বাছাই করে ৩৪০টি চূড়ান্ত করেছে।

গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য শ্রমবাজার আবার উন্মুক্তকরণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছিল।

বিজ্ঞাপন

তথ্যসূত্র : বিবিসি বাংলা

পড়ুন : ঠাকুরগাঁও-১ আসনে দ্রুতই উপনির্বাচন: ইসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন