বিজ্ঞাপন

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মরার পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিরুদ্ধে এবার কঠোর সামাজিক প্রতিরোধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বর্জনের পাশাপাশি মৃত্যুর পর দাফনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় মসজিদের মুসল্লি, কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সিদ্ধান্ত নেন।

সভায় মাদক নির্মূলে স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। মাদক ব্যবসা, সেবন ও সরবরাহের সঙ্গে জড়িতদের কোনো ধরনের সামাজিক বা পারিবারিক প্রশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানো এবং এলাকায় মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর বিষয়ে একমত হন স্থানীয়রা।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিদের সম্মতিতে মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বর্জনের পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—মৃত্যুর পর তাদের সামাজিকভাবে দাফনে অংশ না নেওয়া, মসজিদের খাটিয়া ব্যবহার না করা, ইমামের তাদের বাড়িতে খাবার গ্রহণ না করা, পরিবারের সামাজিক অনুষ্ঠানে অংশ না নেওয়া এবং মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে সমাজ থেকে বহিষ্কার করা।

তিনি বলেন, ‘কাউকে অপমান বা হেয় করা আমাদের উদ্দেশ্য নয়। মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

স্থানীয়দের মতে, সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হলে তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং এলাকায় মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এজন্য মাদকবিরোধী এ উদ্যোগকে আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।

পড়ুন : পরিবহন সংকটে নাকাল চট্টগ্রাম, যাত্রীদের ভোগান্তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন