চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বার্ষিক লেখক সম্মাননা ও আলোচনা সভা-২০২৬।
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে আয়োজন করা হয় মেধা, মনন ও সৃষ্টিশীলতার এ মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস.কে আজিজুল বারী হেলাল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
বক্তারা বলেন, তরুণরাই আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি। তাদের লেখনী সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি তরুণদের সুপ্ত প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তরুণ লেখকদের দেশপ্রেম ও বস্তুনিষ্ঠতা ধারণ করে নিয়মিত লেখালেখির আহ্বান জানান বক্তারা।
প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। এতে প্রশিক্ষক ছিলেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াছ।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী এবং নাগরিক টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এ.কে আজাদ।
এছাড়া পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহর, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ারদী এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেরা উদীয়মান তরুণ কলাম লেখকদের হাতে ‘বার্ষিক লেখক সম্মাননা-২০২৬’ স্মারক তুলে দেওয়া হয়।
শিক্ষক-শিক্ষার্থী ও তরুণ কলাম লেখকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় লেখক ও সৃষ্টিশীল মানুষের মিলনমেলায়।
পড়ুন:১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি
ইমি/


