বাংলাদেশে ব্রাজিল জাতীয় দলের ম্যাচ! এত দিন যা ছিল ফুটবলপ্রেমীদের স্বপ্ন, এবার তাতে যোগ হয়েছে বাস্তব সম্ভাবনার ইঙ্গিত। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (২৩ আগস্ট) ঢাকার জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখেছে। মাঠ, ড্রেসিংরুমসহ স্টেডিয়ামের বিভিন্ন সুবিধা পরিদর্শনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ অথবা নিরপেক্ষ ভেন্যু হিসেবে এই মাঠে ম্যাচ আয়োজনের আগ্রহ দেখিয়েছে ব্রাজিল।
এদিন দুপুরে ঢাকায় এসে প্রতিনিধিদলটি প্রায় ৪৫ মিনিট জাতীয় স্টেডিয়ামে অবস্থান করে। মাঠের অবস্থা, ড্রেসিংরুম, গ্যালারি ও অন্যান্য সুযোগ-সুবিধা খতিয়ে দেখেন তারা। বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেনও তাদের সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ইকবাল হোসেন বলেন, ‘তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে আমাদের স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে, কিংবা বাংলাদেশের বিপক্ষেও খেলতে পারে।’
তিনি আরও জানিয়েছেন, আমরা তাদের জানিয়েছি, মাঠের প্রস্তুতির কাজ চলছে। কাজ শেষ হতে আরও প্রায় দুই সপ্তাহ সময় লাগতে পারে। তারা মাঠকর্মীদের সঙ্গেও কথা বলেছে এবং প্রয়োজন হলে আবারও স্টেডিয়াম পরিদর্শনে আসতে পারে বলে জানিয়েছে। শুধু মাঠ দেখেই থামেনি প্রতিনিধিদল। পানি দেয়ার ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থাও তারা পর্যবেক্ষণ করেছে। এরপর ঘুরে দেখেছে ড্রেসিংরুম ও গ্যালারি।
তবে এখনই ব্রাজিলের বাংলাদেশ সফর নিশ্চিত হয়ে গেছে, এমন কিছু বলছে না বাফুফে। প্রতিনিধিদলের এবারের সফরের মূল উদ্দেশ্য ছিল জাতীয় স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করা। ভবিষ্যতে ব্রাজিলের জাতীয় দল এখানে খেলবে কি না, সে বিষয়ে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ব্রাজিলের। সেই ম্যাচ সামনে রেখে এরই মধ্যে কলকাতার সল্টলেক স্টেডিয়ামও পরিদর্শন করেছে ব্রাজিলের প্রতিনিধিদল। সেখান থেকে ঢাকায় এসে জাতীয় স্টেডিয়ামও দেখে গেল তারা।
বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাজিলের প্রতিনিধিরা নিজেদের মতামত পরে জানাবে। এরপরই পরিষ্কার হবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা কতটা বাস্তব।
তাই বলা যায়, আপাতত ঢাকার মাঠে ব্রাজিলের আগ্রহের খবরই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য বড় রোমাঞ্চের।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

