নেত্রকোনা জেলার রাজস্ব প্রশাসনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব আদায় বৃদ্ধি এবং চলমান ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে দিনব্যাপী ‘জেলা রাজস্ব সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অত্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সম্মেলনে জেলার রাজস্ব ব্যবস্থাপনার বিভিন্ন দিক, ভূমি সংক্রান্ত কার্যক্রমের হালনাগাদ অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান সরকারি রাজস্ব বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, ভূমি অফিসে সেবা নিতে আসা কোনো নাগরিক যেন হয়রানি বা দীর্ঘসূত্রিতার শিকার না হন, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়সহ সকল সেবায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখারও আহ্বান জানান তিনি।
এসময় জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), কানুনগো, সার্ভেয়ার এবং ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের কাজের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সেগুলো সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল ভূমিসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারী ও অফিসসমূহের মাঝে পুরস্কার বিতরণ। ভালো কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে সম্মাননা দেওয়া হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন দুর্গাপুর উপজেলার এসিল্যান্ড মো. মিজানুর রহমান।
অন্যান্য ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে পুরস্কার প্রাপ্তরা হলেন- শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হক (আলিয়া ইউনিয়ন ভূমি অফিস, পূর্বধলা)। শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হারুন অর রশিদ (কলমাকান্দা সদর ইউনিয়ন ভূমি অফিস)। শ্রেষ্ঠ সার্ভেয়ার মো. জাহাঙ্গীর হোসেন (উপজেলা ভূমি অফিস, নেত্রকোনা সদর)। শ্রেষ্ঠ রাজস্ব সহকারী/নাজির কাম ক্যাশিয়ার মোঃ রিয়াউল হুদা (উপজেলা ভূমি অফিস, কেন্দুয়া) এবং শ্রেষ্ঠ অফিস সহায়ক বিজয় চৌহান (উপজেলা ভূমি অফিস, নেত্রকোনা সদর)।
প্রাতিষ্ঠানিক পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার- ভিপি (অর্পিত সম্পত্তি) আদায়ে জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে মোহনগঞ্জ উপজেলা ভূমি অফিস। ভূমি উন্নয়ন কর (সাধারণ) আদায়ে শ্রেষ্ঠ হয়েছে নেত্রকোনা সদরের লক্ষীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি উন্নয়ন কর (সংস্থা) আদায়ে শ্রেষ্ঠ হয়েছে দুর্গাপুরের গাওকান্দিয়া ইউনিয়ন ভূমি অফিস।
সম্মেলনের শেষাংশে জেলা প্রশাসক পুরস্কারপ্রাপ্ত সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রতিষ্ঠানকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতির মাধ্যমে জেলার অন্যান্য কর্মকর্তারাও অনুপ্রাণিত হবেন এবং নিজ নিজ কর্মস্থলে আরও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে নেত্রকোনা জেলার রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবেন।
পড়ুন:গাইবান্ধায় বিষ দিয়ে ১৭০ হাঁস-মুরগি মারার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
ইমি/


