ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের নিচে ঘুমিয়ে থাকা লিটন মিয়া (৩২) নামের এক যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে আটক করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা বাজার মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন মিয়া একই ইউনিয়নের সাতগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে। সে মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে প্লাস্টিকবাহী একটি ট্রাক বাহুবলের উদ্দেশ্যে রওনা হয়। পরে ট্রাকটি চান্দুরা বাজার মোড়ে এসে থামিয়ে চালক বিশ্রাম নিতে গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েন। এ সময় লিটন মিয়া ট্রাকটির নিচে গিয়ে ঘুমিয়ে ছিলেন। দুপুরে চালকের ঘুম ভাঙার পর তিনি ট্রাকটি চালু করে সামনে এগিয়ে নিলে নিচে ঘুমিয়ে থাকা লিটনের দুই পা চাকার নিচে পিষ্ট হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : সবুজায়নের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


