চ্যালেঞ্জ থাকলেও আগের নির্বাচনের তুলনায় আরও ভালো স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস) আয়োজিত ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস’ শীর্ষক এক্সেল এক্সিকিউটিভ লিডারশিপ ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। আগের নির্বাচনে যে মানদণ্ড তৈরি হয়েছে, তার নিচে নামার কোনো সুযোগ নেই। বরং সম্ভব হলে আরও উন্নত করা হবে। এখন আশা করছি সবার কো-অপারেশন নিয়ে আমরা ভালো নির্বাচন করতে পারব, কোনো অসুবিধা হবে না।
স্থানীয় সরকার নির্বাচন কবে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কবে হবে, সেই দিনক্ষণ এখনই বলা যাবে না। নির্বাচনের দিনক্ষণ আমরাই ঠিক করব। সরকারের সঙ্গে আলোচনা ও পরামর্শ করেই সিদ্ধান্ত নেব।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য কিছু আইন-কানুন ও বিধি-বিধান সংশোধন করা হচ্ছে। এ কারণে কিছুটা সময় লাগবে। কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সংশোধনের কাজ শেষ করে তা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
পড়ুন: ২০২৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ
আর/


