সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় অভিযান চালিয়ে ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ সময় হেরোইন বহনের অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর থানার মহারাজপুর গ্রামের বিচারত আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৫) এবং রাজশাহীর গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গ্রামের লালবরের ছেলে সোহাগ আলী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, সোমবার রাত সোয়া ১টার দিকে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কেবিনের ভেতর বিশেষভাবে রাখা ৪ কেজি ৩৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একই সঙ্গে ৪২টি অ্যাম্পল ও ৮টি ইনজেকশনসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হবে।
পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ইমি/


